জগন্নাথপুর প্রতিনিধি

জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা মো. মুনিবুর রহমান শিপনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন একই ইউনিয়নের ছাত্রদল নেতা মো. শাওন কামালী।
গত ৫ আগস্ট ২০২৪, জগন্নাথপুর থানায় এই জিডি করা হয়। তবে অভিযুক্ত যুবলীগ নেতার পরিবার জিডিকে রাজনৈতিক হয়রানি হিসেবে দাবি করে পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছে।
ছাত্রদল নেতার অভিযোগ; শাহারপাড়া-নারায়নপুর গ্রামের বাসিন্দা মো. আঙ্গুর মিয়া কামালী’র ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা মো. মুনিবুর রহমান শিপন-কে অভিযুক্ত করে জিডি করেন শাহারপাড়া-মধ্যমিরপুর গ্রামের বাসিন্দা ছাত্রদল নেতা মো. শাওন কামালী।
জিডিতে শাওন কামালী উল্লেখ করেন, গত ৫ আগস্ট ২০২৪ এর পূর্ব থেকে দীর্ঘদিন ধরে যুবলীগ নেতা শিপন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। তিনি ক্ষমতার অপব্যবহার করে বিএনপি, যুবদল, ছাত্রদল, জামায়াত, শিবির নেতাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছেন।
ছাত্রদল নেতা আরও অভিযোগ করেন, বর্তমানে শিপন দেশের বাইরে অবস্থান করেও বিভিন্ন মিছিল-সমাবেশে অংশ নিয়ে ভিডিও বার্তার মাধ্যমে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন।
পুলিশি তদন্ত ও পরিবারের বক্তব্য: জিডির পর জগন্নাথপুর থানা পুলিশ অভিযুক্ত মো. মুনিবুর রহমান শিপনের বাড়িতে তদন্তে যায়। তবে পুলিশ তাকে খুঁজে পায়নি।
এ বিষয়ে যুবলীগ নেতা মুনিবুর রহমান শিপনের পরিবারের অভিযোগ, তদন্তের সময় পুলিশ তাদের সাথে খারাপ আচরণ করে এবং হুমকি দিয়ে আসে। যুবলীগ নেতার পরিবার দৃঢ়ভাবে দাবি করছে, মুনিবুর রহমান শিপন নির্দোষ এবং তিনি এখন রাজনৈতিক হয়রানির শিকার হচ্ছেন। পরিবারের দাবি, বিএনপি-জামায়াতের লোকেরা তাকে পেলে গুরুতর ক্ষতি করবে।