দৃষ্টি প্রতিবন্ধকতাকে জয় করে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করায় গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমিকে সম্মাননা স্মারক প্রদান করেছে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন।
৩ নভেম্বর মঙ্গলবার জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাহমিনা আক্তার মৌমির হাতে সম্মাননা স্মারক তুলে দেন রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান শামছু ও সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ নাঈম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দৃষ্টি প্রতিবন্ধকতা কোনো শিক্ষার্থীর স্বপ্ন ও সম্ভাবনার পথে বাধা হতে পারে না। তাহমিনা আক্তার মৌমির জিপিএ-৫ অর্জন তার অদম্য মানসিক শক্তি, অধ্যবসায় ও শিক্ষার প্রতি গভীর নিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত। তার এই সাফল্য প্রমাণ করে, যথাযথ সুযোগ ও সহযোগিতা পেলে প্রতিবন্ধী শিক্ষার্থীরাও নিজেদের মেধা ও যোগ্যতার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাহমিনা আক্তার মৌমিকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তার শিক্ষাজীবনের ধারাবাহিক সাফল্য কামনা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মজীবনে আরও বড় অর্জন করবে- এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন ডিসএ্যাবল ফাউন্ডেশন জিডিএফ-এর মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান, জিডিএফ’র নির্বাহী পরিচালক সৈয়দ মাহমুদুল হক, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি সৈয়দ সৈকত আলী, নির্বাহী সদস্য রাশেদ আহমেদ, জাহিদ আহমেদ, সাব্বির আহমেদ, জাকারিয়া আহমদ প্রমুখ। এছাড়াও রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।