সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে হত দরিদ্রদের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। ১১ অক্টোবর রবিবার সন্ধ্যায় সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মালিনীছড়া চা-বাগানে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
শ্রমিক নেতা রাজু বাউরীর সভাপতিত্বে ও পিংকু বাউরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সংগঠনের ৬নং ওয়ার্ডের সভাপতি শহীদ বক্স, শ্রমিক নেতা রাজন বাউরী, কুসুম রাণী, রন্টু বাউরী, রজন বাউরী, স্বপন বাউরী, অন্তর বাউরী, কাজল বাউরী, জীবন বাউরী প্রমুখ। এছাড়াও অসংখ্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুর্গাপূজা উপলক্ষে হত দরিদ্রদের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করে আসছেন। দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি তাদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ারও একটি উৎসব। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিকতার বন্ধন সুদৃঢ় করতে সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ মহতী কাজ। তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতার পরিচয়। এ ধরনের উদ্যোগ সমাজে পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির পরিবেশ আরও সুদৃঢ় করবে।