রুহুল আমীন নগরী, সিলেট রিপোর্ট:: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রুহুল কবীর খান।
সোমবার ডিএমপি সদরদপ্তরের উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ পদে পদায়ন করা হয়। নতুন দায়িত্বে তার পদায়ন অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
মোহাম্মদ রুহুল কবীর খান ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। গুলশান বিভাগে পদায়নের আগে তিনি চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন।
গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে চুয়াডাঙ্গা থেকে ডিএমপিতে বদলি করা হয়। এর পরদিনই তাকে গুলশান বিভাগের ডিসি হিসেবে পদায়ন করা হলো।
নতুন ডিসির দায়িত্ব গ্রহণের আগে গুলশান বিভাগে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়। গত ১১ সেপ্টেম্বর গুলশানে আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনার পর ডিএমপির গুলশান বিভাগের তৎকালীন ডিসি এম তানভীর আহমেদ, এডিসি মো. সারোয়ার হাসাইন ও গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করা হয়।
এ ঘটনায় বেশ কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গুলশান থানায় মামলা করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ১৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ ও কূটনৈতিক এ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করাই নতুন ডিসির অন্যতম প্রধান দায়িত্ব।
মোহাম্মদ রুহুল কবীর খান নেত্রকোনা জেলার সদর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি “প্রাচ্যের অক্সফোর্ড” (Oxford of the East) খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বিএসএস (অনার্স) ও এমএসএস (এমএ) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স অব পুলিশ সাইন্স (এমপিএস) ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারি পুলিশ সুপার পদে যোগদান করেন। কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে তিনি পেশাগত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব সম্পাদন করে আসছেন।