
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন হত্যার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। গতকাল দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবির সমস্বয়ক হাফিজুল ইসলাম ৭৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩শ জনকে আসামি করে (দন্ডবিধির ১৪৩/১৪৭/১৪৯/৩২৪/৩০৭/৩০২ ধারা) সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল মোমেনের আদালতে একটি অভিযোগ দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে এফআইআর হিসেবে গণ্য করতে কোতোয়ালি থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। এসময় আদালতে প্রায় শতাধিক আইনজীবী বাদী পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন।
মামলার বাদী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শাবির সমন্বয়ক হাফিজুল ইসলাম ও অ্যাডভোকেট আব্দুর বর সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেন। মামলা দায়েরের পর আদালত চত্বরে বাদী হাফিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আন্দোলন চলাকালে পুলিশ-আওয়ামীলীগ সন্ত্রাসীরা মিলে আমাদের উপর হামলা চালায়। তারা মেধাবী শিক্ষার্থী রুদ্র সেনকে হত্যা করেছে।
জানা গেছে, শাবির ছাত্র রুদ্র সেনকে গত ১৮ জুলাই পুলিশ ও তখনকার সরকার দলের ক্যাডাররা ধাওয়া করে খালে পতিত করে হত্যা করে।
এই মামলায় আসামি করা হয়েছে, সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (বর্তমানে কমিশনার কার্য্যালয়ে সংযুক্ত) আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর-ক্রাইম) সাদেক দস্তগীর কাউছার, জালালাবাদ থানার ওসি মিজানুর রহমান, একই থানার ওসি (তদন্ত) আবু খালেদ মো. মামুন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট সিটি কর্পোরেশনের সদ্য অপসারিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব, শাবির সদ্য পদত্যাগী ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন, সদ্য পদত্যাগী প্রো-ভিসি অধ্যাপক কবির হোসেন, সাবেক প্রক্টর কামরুজ্জামান চৌধুরী, শাবির কলেজ পরিদর্শক তাজিম উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি রনজিৎ সরকার, নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিসিক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশ, নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিধান কুমার সাহা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান, ওসমানীনগর ছাত্রলীগ সৌরভ উর রহমান ও সাধারণ সম্পাদক নাইম আহমদ, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সিসিক কাউন্সিলর রুহেল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক, পুলিশের এসআই রেজওয়ান আহমদ, এসআই নিহারেন্দু তালুকদারসহ অজ্ঞাতনামা ২শ থেকে ৩শ জন।
মামলার এজাহারে বলা হয়েছে, তৎকালীন স্বৈরাচারী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ্যে এসে আন্দোলনকারীদের দেখা মাত্র গুলির নির্দেশ দেন। এমনকি অফিসিয়ালি পুরো দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে এ বিষয়ে প্রত্যেকটি জেলা ও থানায় এবং মেট্রোপলিটন কমিশনার অফিসসহ সংশ্লিষ্ট সকল জায়গায় নির্দেশনা প্রদান করেন। নির্দেশনার আলোকে আসামিগণ আন্দোলনকারীদের দমানোর জন্য উৎসাহিত হয় এবং ঘটনাস্থলসহ দেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় গণহত্যার মহা উৎসবে মেতে ওঠে।
এবিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশ কমিশনার জাকির হোসেন খান গতরাতে সাংবাদিকদের বলেন, কোতোয়ালী সিআর ৯২৩/২০২৪ মামলা এজাহার হিসেবে গণ্য করে আসামিদেরকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত।
সিলেট মহানগর পুলিশ কমিশনার জাকির হোসেন খান জানিয়েছেন, এই মামলার আসামিদের মধ্যে পুলিশের ডিসি আজবাহার আলী শেখ, পুলিশের এডিসি সাদেক দস্তগীর কাওছার, জালালাবাদ থানার ওসি মিজানুর রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, সাবেক এমপি নাদেল, হাবিব, রঞ্জিত, সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, ওসমানীনগর ছাত্রলীগের সৌরভ উর রহমান, শাবি সদ্য পদত্যাগী ভিসি ফরিদ উদ্দিন, প্রোভিসি অধ্যাপক কবির হোসেন, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ পালিয়ে বিদেশে চলে গেছেন।