August 13, 2026, 11:33 pm

যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন: ইসহাক কামাল সভাপতি, চৌধুরী নাসির সেক্রেটারি

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Thursday, August 13, 2026

সিলেট রিপোর্ট:  যুব জমিয়ত  বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি হিসেবে মাওলানা ইসহাক কামাল, সিনিয়র সহসভাপতি মাওলানা সোলাইমান মাদানী, সাধারণ সম্পাদক মাওলানা চৌধুরী নাসির আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউর রহমান, প্রচার সম্পাদক মাওলানা শাহিদ হাতিমী নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে সংগঠনটির ৬১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে যুব জমিয়তের কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিলে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ। সম্মেলনে সভাপতিত্ব করেন যুব জমিয়তের বিদায়ী সভাপতি মাওলানা তাফহীমুল হক। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন মাওলানা সুলাইমান মাদানী ও মাওলানা চৌধুরী নাসির আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে জমিয়ত সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, ‘ইলমে ওহী সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের প্রথম দায়িত্ব।’ ব্যক্তিগত জীবনে দ্বীনদারি নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনীতির জন্য দ্বীনের হালাল-হারাম বিসর্জন দেওয়া যাবে না এবং বাতিলের সঙ্গে আপস করা হবে না।

তিনি বলেন, যুব জমিয়ত শুধু ওলামায়ে কেরামের সংগঠন নয়; আলেমদের নেতৃত্বে ব্যবসায়ী, তরুণ ও সাধারণ দ্বীনদার মানুষকে সম্পৃক্ত করে জেলা, উপজেলা ও ইউনিট পর্যায়ে সংগঠন শক্তিশালী করতে হবে।

প্রধান বক্তা জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের শহীদদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। তিনি বৈষম্য, জুলুম ও শোষণমুক্ত বাংলাদেশ গঠনের আহ্বান জানান এবং দেশে নতুন করে স্বৈরতন্ত্র ফিরে আসার আশঙ্কা নাকচ করার দাবি জানান।

তিনি কৃষকের সার সংকট, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস সংকট সমাধানে সরকারের দ্রুত পদক্ষেপ দাবি করেন। একইসঙ্গে ২০২৪ সালের অবদান মুছে ফেলার চেষ্টা প্রতিহত করে ঐক্যের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা শেখ মুজিবুর রহমান; যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা মকবুল হোসাইন কাসেমী,মাওলানা আব্দুল মালেক চৌধুরী; সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন; সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী; সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাসিরুদ্দিন খান; প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী; ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম; দফতর সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম; মাওলানা মোস্তফা মাহমুদী; যুব জমিয়তের সাবেক সভাপতি মাওলানা শারফুদ্দীন ইয়াহিয়া,সেক্রেটারি মুফতি গোলাম মাওলা, সাবেক প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মুফতি এখলাসুর রহমান রিয়াদ এবং ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাযহারী প্রমুখ।
এছাড়া দেশের অর্ধশত জেলার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews