বিশেষ প্রতিনিধি, সিলেট
সিলেট নগরীর উপশহর এলাকায় সশস্ত্র হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ছাত্রদল নেতা মোফাজ্জল চৌধুরী মুর্শেদ। আজ ২৪ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপশহর সি-ব্লকের সামনের গাড়ি স্ট্যান্ডের কাছে তার ওপর হামলার ঘটনা ঘটে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় মুর্শেদ বাসায় ফেরার জন্য রিকশার অপেক্ষা করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে এসে তাকে ঘিরে ধরেন। পরে তারা ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে তার ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর কাটা ও রক্তাক্ত জখম হয় এবং বাম হাত ভেঙে যায় বলে পরিবার জানিয়েছে।
পরিবারের সদস্যরা জানান, হামলার পর মুর্শেদকে ঘটনাস্থলে ফেলে রেখে অভিযুক্তরা চলে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মুর্শেদ সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং অতীতেও রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের কারণে হামলার শিকার হয়েছিলেন। এ কারণে সাম্প্রতিক হামলার পেছনে রাজনৈতিক বিরোধ থাকতে পারে বলে তারা আশঙ্কা করছেন। এছাড়াও বিএনপি সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও ছাত্রলীগের নেতাকর্মীদের এমন কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
পরিবারের সদস্যদের মতে, একজন ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকলে তার নিরাপত্তা, চিকিৎসা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা জরুরি। তারা অভিযোগের প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শাহপরান (রহঃ) থানার ওসি জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশের পক্ষ থেকে তদন্তের বিস্তারিত অগ্রগতি সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি।