ডেস্ক রিপোর্ট
সিলেটে মাদক ও জুয়াবিরোধী সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত থাকার জেরে আলোর অভিরাম যুব সংঘের সদস্য আমিনুর রহমান মঙ্গলের ওপর হামলার অভিযোগ উঠেছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে সিলেটের ইলাসকান্দি এলাকার এ হামলার ঘটনা ঘটে বলে সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে।
আহত আমিনুর রহমান মঙ্গলের স্বজন ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্টদের দাবি, বাদাম বাগিচা এলাকায় মাদক ও জুয়াবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত থাকার কারণে তাকে পূর্বপরিকল্পিতভাবে হামলার লক্ষ্যবস্তু করা হয়। হামলায় তিনি গুরুতর আহত হন। তার হাতে একাধিক সেলাই পড়েছে, পায়ে জখম হয়েছে এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।
বর্তমানে তিনি সরকারি এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের স্বজন ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্টদের দাবি, হামলার সঙ্গে স্থানীয়ভাবে মাদক ও জুয়ার কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে এমন কয়েকজন ব্যক্তি জড়িত। এ ঘটনায় ঘাড়তেরা হাসান, হাসানের ছেলে হাসনাত, আখলুস, শিপন (পারভিনের স্বামী)সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
এদিকে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আহতের স্বজন, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসীরা।
