সিলেট রিপোর্ট, নিজস্ব প্রতিবেদক:
জামিয়া মাদানিয়া বিশ্বনাথ মাদরাসার মাহফিলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে মাদরাসা কর্তৃপক্ষ ও আহত কারী উবায়দুর রহমানের এলাকাবাসীর মধ্যে আজ বিকেলে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তি করা হয়।
এদিকে, বাদ এশা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কারী উবায়দুর রহমানকে দেখতে যান বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, জামিয়া মাদানিয়া বিশ্বনাথের মুহতামিম মাওলানা শাব্বির আহমদ, মাওলানা আব্দুল মুকিত চৌধুরী, মাওলানা ইসমতুল্লাহ সিদ্দিকী, মাওলানা রুহুল আমীন নগরী, আবুল হোসেন সুফি মিয়া, মুফতি শাহাবুদ্দিন, মাওলানা রায়হান ও মাওলানা মজদুদ্দীনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এ সময় কারী উবায়দুর রহমান বলেন, “জামিয়ার মহব্বত আমার অন্তরে প্রোথিত। সাবধান! বিশ্বনাথ মাদানিয়া মাদরাসা নিয়ে কেউ কোনো ধরনের কটূক্তি করবেন না। মাদরাসা কর্তৃপক্ষের কোনো দোষ নেই। জামিয়ার কোনো প্রকার ক্ষতি আমি চাই না।”
তিনি আরও বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার বা বিরূপ মন্তব্য না করেন।
এ সময় উপস্থিত ব্যক্তিবর্গ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ প্রকাশ্যে সব ধরনের উত্তেজনা, উসকানিমূলক বক্তব্য ও বিশৃঙ্খলা পরিহার করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে বিষয়টি সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তারা।