সম্প্রতি দেশের বিরাজমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি বিবেচনায় ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি। তবে সেই ঐক্য হতে হবে বৈষম্যহীন ও সবার জন্য সমান অধিকার নিশ্চিত করার ভিত্তিতে। অন্যথায় জাতীয় ঐক্য সুদৃঢ় ও টেকসই হবে না বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি।
১৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় সিলেট নগরীর শিবগঞ্জস্থ শাকিল কমিউনিটি সেন্টারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ঐক্যবদ্ধ ভূমিকা রেখেছেন, তাদের সবার প্রত্যাশা ও অধিকারকে সমান গুরুত্ব দিতে হবে। কোনো ধরনের বৈষম্য, দলীয় সংকীর্ণতা কিংবা একক আধিপত্যের মানসিকতা জাতীয় ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং সম্মিলিত দায়িত্বশীলতা অপরিহার্য। জাতীয় ঐক্যকে কেবল রাজনৈতিক সমঝোতায় সীমাবদ্ধ না রেখে রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে ন্যায়বিচার ও সমঅধিকার প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে গড়ে তুলতে হবে।
দুই অধিবেশনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আতাউর রহমান কোম্পানিগঞ্জী ও সহ-সভাপতি নূর আহমদ কাসেমী। সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া কয়েছের যৌথ পরিচালনায় প্রশিক্ষণ প্রদান করেন জমিয়তের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ও সিলেট বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ আলী এবং দেশের খ্যাতিমান লেখক ও গবেষক মাহবুব সিরাজী।
প্রশিক্ষণ কর্মশালায় মঞ্জুরুল ইসলাম আফেন্দি নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি সংগঠনের আদর্শ ও লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে নেতাকর্মীদের আরও সচেতন, দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।
কর্মশালায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখার আওতাধীন বিভিন্ন উপজেলা ও ইউনিটের দুই শতাধিক দায়িত্বশীল প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।