November 20, 2026, 2:50 am
Title :
মোহনগঞ্জের বসন্তিয়ায় পাত্র পছন্দ না হওয়ায় বিয়ের আসরে মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ কনের বিরুদ্ধে সিলেট শহরে অবস্থানরত জামিয়া মাদানিয়া বিশ্বনাথের ফাজিলদের মতবিনিময় সভা সম্পন্ন ছাত্রলীগের লকডাউনের প্রতিবাদে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল অসহায় প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করতে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা উপহার ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তর ধর্ম হচ্ছে ইসলাম সিলেট জেলা উত্তর জমিয়তের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রতিবন্ধকতা কখনো মেধাকে দমিয়ে রাখতে পারে না মৌমি তার দৃষ্টান্ত — উপপরিচালক আব্দুর রফিক দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বাদীকে আসামীদের প্রাণনাশের হুমকী নিরাপত্তা চেয়ে গোলাপঞ্জ থানা জিডি অসুস্থ হাকিম মাওলানা আনসার আহমদ সিদ্দিকীর শয্যাপাশে দুধরচকী

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তর ধর্ম হচ্ছে ইসলাম

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— Thursday, November 19, 2026

সিলেট রিপোর্ট ডেস্ক

বিশ্বে দ্রুত বাড়ছে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা। বর্তমান জনসংখ্যা বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তর ধর্মে পরিণত হতে পারে ইসলাম।

বুধবার (১৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের সূত্রে আল-জাজিরার এক প্রতিবেদনের এমন পূর্বাভাস দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম ও খ্রিষ্টান—উভয় ধর্মের অনুসারীর সংখ্যা আগামী কয়েক দশকে বাড়বে। তবে খ্রিষ্টানদের তুলনায় মুসলিম জনগোষ্ঠীর বৃদ্ধির গতি বেশি হবে। এর অন্যতম কারণ মুসলিম নারীদের তুলনামূলক বেশি সন্তান জন্মদানের হার।

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা অনুযায়ী, মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ৩ দশমিক ১। অন্যদিকে খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫। জনসংখ্যার একটি প্রজন্মকে প্রতিস্থাপনের জন্য সাধারণত নারীপ্রতি ২ দশমিক ১ সন্তান জন্মদানের হার প্রয়োজন হয়।

এই পূর্বাভাস তৈরিতে ২০১টি দেশ ও অঞ্চল বিশ্লেষণ করা হয়েছে, যা বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ।

২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত সাতটি ধর্মীয় গোষ্ঠী ও ধর্মীয় পরিচয়ের ভৌগোলিক বিস্তৃতি এবং ভবিষ্যৎ পরিবর্তন পর্যালোচনা করা হয়েছে। এসব গোষ্ঠীর মধ্যে রয়েছে মুসলিম, খ্রিষ্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মাবলম্বী ও ধর্মীয় পরিচয়হীন মানুষ।

সন্তান জন্মদানের হার

প্রতিবেদন অনুযায়ী, মুসলিম নারীরা সবচেয়ে বেশি সন্তান জন্ম দেন। মুসলিম জনগোষ্ঠী বিশ্বের দ্রুততম বর্ধনশীল ধর্মীয় গোষ্ঠী হওয়ার অন্যতম কারণ এটি।

গবেষণায় দেখা গেছে, একজন মুসলিম নারীর গড় সন্তান জন্মদানের হার ৩ দশমিক ১।

অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ জন্মহারের অধিকারী খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫। সাধারণত নারীপ্রতি ২ দশমিক ১ সন্তান জন্মদানের হার একটি প্রজন্মের জনসংখ্যা প্রতিস্থাপনের জন্য যথেষ্ট বলে বিবেচিত হয়।
পিউর মতে, মুসলিম ও খ্রিষ্টান—উভয় জনগোষ্ঠীর বৃদ্ধির হার বিশ্বের সামগ্রিক জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলবে।

স্বাভাবিক জনসংখ্যা পরিবর্তনের ফলে মুসলিম জনগোষ্ঠীতে প্রায় ১৬০ কোটি মানুষ যুক্ত হতে পারে। অন্যদিকে খ্রিষ্টান জনগোষ্ঠীতে যুক্ত হতে পারে প্রায় ৭৯ কোটি ২০ লাখ মানুষ।

ধর্ম ত্যাগের কারণে সম্ভাব্য জনসংখ্যা হ্রাস

খ্রিষ্টধর্ম ত্যাগ বা ধর্মান্তরের কারণে মুসলিমদের তুলনায় খ্রিষ্টান জনগোষ্ঠীর জনসংখ্যা হ্রাস বেশি হতে পারে বলে ধারণা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসলাম গ্রহণকারী ও ইসলাম ত্যাগকারীদের সংখ্যার পার্থক্যের ফলে পূর্বাভাসের সময়কালে মুসলিম জনগোষ্ঠীতে নিট ৮০ লাখ মানুষের ঘাটতি হতে পারে। অন্যদিকে খ্রিষ্টধর্মের ক্ষেত্রে এ ঘাটতি হতে পারে প্রায় ১০ কোটি ৫০ লাখ।

যাঁরা খ্রিষ্টধর্ম ত্যাগ করবেন, তাঁদের অনেকে পরবর্তী সময়ে কোনো ধর্মীয় পরিচয় গ্রহণ নাও করতে পারেন। তাঁদের মধ্যে নাস্তিক ও অজ্ঞেয়বাদীরাও থাকতে পারেন।

তবে গবেষণায় দেখা গেছে, ইসলাম ধর্মের সম্ভাব্য জনসংখ্যা বৃদ্ধির কারণ খ্রিষ্টানদের ইসলাম গ্রহণ নয়। বরং ইসলাম থেকে খ্রিষ্টধর্ম গ্রহণকারীর সংখ্যা খ্রিষ্টধর্ম থেকে ইসলাম গ্রহণকারীর সংখ্যার তুলনায় সামান্য বেশি হতে পারে।

দেশভিত্তিক জনসংখ্যার পরিবর্তন

পিউ রিসার্চ সেন্টারের মতে, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যার অধিকাংশ বৃদ্ধি এমন দেশগুলোতে ঘটবে, যেখানে বর্তমানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ।

২০৭০ সালের মধ্যে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের মোট জনসংখ্যার ৯৫ শতাংশ মুসলিম হতে পারে। অন্যদিকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ধর্মীয় পরিচয়হীন জনগোষ্ঠীকে ছাড়িয়ে যেতে পারে মুসলিমরা।

২০২০ সালে বিশ্বের ৫৩টি দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিল। ২০৭০ সালের মধ্যে এসব দেশে আরও প্রায় ১২০ কোটি মুসলিম বসবাস করতে পারেন। এটি বিশ্বব্যাপী মুসলিম জনসংখ্যার সম্ভাব্য মোট বৃদ্ধির ৭৪ শতাংশ।

প্রতিবেদনে উদাহরণ হিসেবে পাকিস্তানের কথা বলা হয়েছে। দেশটির মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। এর ফলে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে পাকিস্তান বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হবে বলে জানিয়েছে পিউ।

অন্যদিকে খ্রিস্টান জনগোষ্ঠীর বৃদ্ধিও মূলত ১২০টি দেশে কেন্দ্রীভূত হবে, যেখানে বর্তমানে খ্রিস্টানরা সংখ্যাগরিষ্ঠ।সামগ্রিকভাবে এসব দেশে খ্রিস্টান জনসংখ্যা প্রায় ৬৩ কোটি বাড়তে পারে, যা বিশ্বব্যাপী খ্রিস্টান জনগোষ্ঠীর সম্ভাব্য মোট বৃদ্ধির ৯২ শতাংশ।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews