ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আল আমিন রহমান বলেছেন, দেশের প্রতিটি ইউনিটে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে বর্তমান সময়ে আরও সুশৃঙ্খল ও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের প্রতিটি ইউনিটে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সাংগঠনিকভাবে কাজ করতে হবে। কর্মঠ ও নিবেদিতপ্রাণ কর্মীরাই আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের প্রাণ। বিতর্কিত ব্যক্তিদের এসব সংগঠনে স্থান দিয়ে সংগঠনের সুনাম নষ্ট করা যাবে না।

ছাতকের জাউয়ায় স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্য রাখছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত আল আমিন রহমান।
গত ১৬ ডিসেম্বর ছাতক উপজেলার জাউয়া বাজার স্বেচ্ছাসেবক লীগের কমিটি পুনর্গঠন উপলক্ষে আয়োজিত কর্মীসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় রাজনপুর কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মীসভায় সভাপতিত্ব করেন ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবুল রায়। জাউয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার হোসেনের পরিচালনায় সভায় লোকমান হুসেনকে সহসভাপতি, আমতর আলীকে সাধারণ সম্পাদক এবং মৌমিতা পারুল মনিকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট জাউয়া আঞ্চলিক কমিটি পুনর্গঠন করা হয়।
সভায় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও জাউয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের বিরুদ্ধে বিএনপি-সংশ্লিষ্টতাসহ নৈতিক স্খলনজনিত বিভিন্ন অভিযোগের তদন্তে সত্যতা প্রমাণিত হওয়ায় তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। তাঁর স্থলে মৌমিতা পারুল মনিকে দায়িত্ব দেওয়া হয়।

জাউয়া অঞ্চল স্বেচ্ছাসেবক লীগের পুনর্গঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মৌমিতা পারুল মনি।
সভায় উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ছাতকের জাউয়া এলাকার সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক তুখোড় ছাত্রনেতা আল আমিন রহমান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নির্বাচিত হওয়ার পর সিলেট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত হন। এরপর তিনি সিলেট অঞ্চলে সংগঠনকে নতুন করে সংগঠিত করার উদ্যোগ নেন। ঢাকা থেকে এলাকায় ঘন ঘন সফর করে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম বেগবান করার উদ্যোগ নেন।
সাংগঠনিক পুনর্গঠনের ক্ষেত্রে মেধা, যোগ্যতা ও কর্মীদের সাংগঠনিক ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন আল আমিন রহমান। পাশাপাশি রাজনীতিতে মফস্বলের নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে নতুন উদ্যোগ গ্রহণ করছেন তিনি। তাঁর পরিকল্পনায় যোগ্য ও সক্রিয় নারী শিক্ষার্থীদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করার বিষয়টিও বিশেষ গুরুত্ব পাচ্ছে।
অন্যদিকে, যেসব নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, বিশেষ করে বিএনপির সঙ্গে সংশ্লিষ্টতা ও সমঝোতার অভিযোগ উঠেছে, তাঁদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগও রয়েছে বলে জানা গেছে। সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা বজায় রাখতে বিতর্কিত ব্যক্তিদের বিরুদ্ধে বহিষ্কারসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন তিনি।