সিলেটে পূর্বশত্রুতার জেরে মামলা প্রত্যাহারের আল্টিমেটাম এবং প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগে শাহপরান (রঃ) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ভুক্তভোগী মোঃ জাকির হোসেন (৪০) গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখে এই জিডি দায়ের করেন, যার জিডি নং ৮৪৫।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে জাতীয় গণমাধ্যম আরটিভিতে সাক্ষাৎকার দেওয়ার সময় সংঘবদ্ধ সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে জাকির হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাঁকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তিনি চার দিন চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয় (গোলাপগঞ্জ মামলা নং-০৬, জি.আর নং-২৫০, সি.আর নং-৫৪৮/২০২৬; তারিখ ০৭/১১/২০২৬)।
অভিযোগে উল্লেখ করা হয়, ওই মামলার আটজন আসামি গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিন লাভ করেন। জামিনে মুক্তি পাওয়ার পরদিনই ওই দিন বিকেল ৪টার দিকে শাহপরান থানাধীন ইসলামপুর বাজার সংলগ্ন দ্বীপীকা আবাসিক এলাকার সামনে তামাবিল লাইন রাস্তায় জাকির হোসেনকে পেয়ে দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে জিডিতে দাবি করা হয়েছে। এ সময় মামলা প্রত্যাহার না করলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়।
পরবর্তীতে গত ১৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৬টার দিকে একটি নম্বর (০১৩১৪-২০০৭৯৩) থেকে ফোনকলের মাধ্যমে পুনরায় প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ রয়েছে।
জিডিতে অভিযুক্ত হিসেবে ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে: ১. আফছার উদ্দিন, পিতা: মৃত আফতাব আলী, ২. জয়নাল, পিতা: মৃত আইয়ুব আলী, ৩. মিনহাজ উদ্দিন, পিতা: মানিক মিয়া, ৪. রিমন আহমদ, পিতা: মানিক মিয়া, ৫. নুর মোহাম্মদ বাবু, পিতা: জয়নাল উদ্দিন, ৬. মনা মিয়া, পিতা: মৃত ছবর আলী, ৭. ইমরান আহমদ, পিতা: লিয়াকত আলী, ৮. আব্দুল আহাদ, পিতা: লিয়াকত আলী, ৯. আবুল হাসনাত, পিতা: নুরুল ইসলাম পলাশ, ১০. হাসান, পিতা: নুরুল ইসলাম পলাশ, ১১. খলিল আহমদ, পিতা: মৃত তোয়াক্কুল, ১২. নানু মিয়া, পিতা: মৃত ওয়ারিস আলী এবং ১৩. আব্দুল করিম, পিতা: মৃত আমীর আলী, সর্বসাং: উত্তর আলমপুর, থানা: গোলাপগঞ্জ, জেলা: সিলেট।
ভুক্তভোগী মোঃ জাকির হোসেন, স্থায়ী ঠিকানা: কোনাগাঁও, গোলাপগঞ্জ, সিলেট; বর্তমান ঠিকানা: ইসলামপুর, ওয়ার্ড নং-৩২, শাহপরান থানা, সিলেট, অভিযোগ করেছেন যে, জনৈক আমেরিকা প্রবাসীর অর্থ ও ভাড়াটে সন্ত্রাসীদের মাধ্যমে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে এবং তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি ভবিষ্যতে যেকোনো অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।