সিলেট রিপোর্ট, মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের বিশেষ সাধারণ সভায় (ওজিএম) আমন্ত্রণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলা জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ খালেদ সাইফুল্লাহ।
গত ১১ নভেম্বর সকালে জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের বিশেষ সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সরকারের জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মৌলভীবাজার জেলা শাখার কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ না জানানোর অভিযোগ তুলে শনিবার (১৪ নভেম্বর) ভোরে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
ফেসবুক পোস্টে শরীফ খালেদ সাইফুল্লাহ লেখেন, “গত ১১ নভেম্বর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের বিশেষ সাধারণ সভায় সরকারের জোট শরিক দল (বিএনপি-জমিয়ত জোট) জমিয়ত নেতৃবৃন্দ কেন দাওয়াত পেলেন না?”
তিনি আরও লেখেন, সম্প্রতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের ওজিএম অনুষ্ঠিত হলেও সরকারের অন্যতম শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “আমরা কি সরকারের ন্যূনতম অংশীদার নই?”
স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি ইয়ামির আলীসহ বিরোধী দলের নেতারা সভায় আমন্ত্রণ পেয়েছেন, এতে তাঁদের আপত্তি নেই। তবে বিরোধী দলের নেতারা বিভিন্ন সরকারি অনুষ্ঠান ও সংস্থায় অংশগ্রহণের সুযোগ পেলেও সরকারের জোটের অন্যতম শরিক এবং একমাত্র ইসলামী দল হিসেবে পরিচিত জমিয়তে উলামায়ে ইসলাম কেন আমন্ত্রণ পেল না, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি।
নিজের ক্ষোভের কথা জানিয়ে তিনি লেখেন, “ফ্যাসিস্ট আমলেও রেড ক্রিসেন্টের লাইফ মেম্বার হওয়ার কারণে মাঝে মধ্যে দাওয়াত পেতাম। কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলন করেও আজ আমরা লাইফ মেম্বার থাকা সত্ত্বেও দলগত ও ব্যক্তিগত উভয়ভাবেই বৈষম্যের শিকার হতে হবে কেন?”