সুনামগঞ্জ প্রতিনিধি:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ফ্যাসিবাদের বিচার কার্যকর, সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ এবং গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুমআ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ। সভা পরিচালনা করেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।
সভাপতির বক্তব্যে মাওলানা তাফাজ্জুল হক আজিজ বলেন, দেশে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে অপরাধীর পরিচয় নয়, অপরাধের ভিত্তিতে বিচার নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদের বিচার কার্যকর করার পাশাপাশি সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। জনগণ একটি নিরাপদ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে। সেই প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক হতে হবে।
পথসভায় উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা আব্দুল ওয়াহাব ও মাওলানা নুরুজ্জামান আলমগীর কাসেমী, সহসাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা মুখতার হোসাইন চৌধুরী, প্রচার সম্পাদক মাওলানা আরশাদ নোমান, মাওলানা রমজান হোসাইন, মাওলানা আব্দুল্লাহ গাজিনগরী, মাওলানা জাহাঙ্গির হোসাইন, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা হাফিজ তোহা হোসাইন, মাওলানা আলীনুর আহমদ আল হাদী, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন, সাইদুর রহমান চৌধুরীসহ জেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল ও পথসভায় বক্তারা ফ্যাসিবাদের বিচার কার্যকর, সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ এবং গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান।